Thursday, 11 May 2017

নিউইয়র্কের পথে পথে: পর্ব দুই

কদিন আগে একটা পোস্ট করেছিলাম, তাইতে আমার নিজের কোনো ছবি ছিল না। তারপর কেউ কেউ আরো বিস্তারিতভাবে জানতে চেয়েছেন নিউইয়র্ক সম্পর্কে। অগত্যা আবার একটি পোস্ট। তবে দ্বিতীয় অনুরোধের উত্তর হয়তো আমি দিতে পারবো না তেমন করে, কারণ তিন দিনে শহরের অন্তরকথা আমি পড়ে উঠতে পারিনি। আমার বান্ধবী আমার অনেক ছবি তুলেছিলেন, তিনিও ইতিমধ্যে আমায় নিউইয়র্কে তোলা সব ছবিগুলো ইমেইল করেছেন, তাই প্রথম আবদারটা মেটাতেই পারি। সাথে প্রভিডেন্সে আমার নিজের তোলা সেলফি সেটাও যুক্ত করে দিচ্ছি।

আগেরদিনই বলেছি প্রভিডেন্স খুব শান্ত শহর, তেমনি দোকানপাটও বেশ কম। আমি যে জায়গাতে ছিলাম তার আশেপাশে সাধারণ স্যালাড স্যান্ডউইচ পাওয়াটাই মুশকিল ছিল। খাবারের দোকান ছিল, পাশের শপিংমলের ফুডকোর্টও ছিল কিন্তু সবই বেশ তেলযুক্ত খাবার। আমার রূমমেট (কনফারেন্সের সময়ের), বেশ করিৎকর্মা, তিনি একটা দোকান খুঁজে পেয়েছিলেন যাতে একটা পুঁচকে সেকশন ছিল স্যালাড  স্যান্ডউইচের, অথচ পিজ্জা বা বার্গার সেকশন অনেক বড়। সেই সব দেখে আমার মনে হয়েছে, ইউ.এস এর লোকজন বুঝি খুব junkfood খেতে ভালোবাসে। নিউইয়র্কেও junkfood/street food-এর মেলা। রাস্তার ধারেই হালাল কার্ট, খুব সস্তায় খাবার পাওয়া যায়, ৫$ দিলে পেট ভরে খাওয়া হয়ে যাবে।  স্বাস্থ্যকর খাবারও পাওয়া যাবে, শুধু একটু খুঁজতে হবে। তবে কোনো রেস্তোরাঁতে গেলে সেই খরচটা তিন থেকে চারগুন হয়ে যাবে। তার উপর ট্যাক্স এবং টিপস। এর সাথে ইউ.কে তে আমাদের তেমন পরিচয় নেই। এখানেও ট্যাক্স কাটে কিন্তু সেটা দামের মধ্যেই ধরা থাকে তাই আলাদা করে চোখে পরে না। আর এখানে টিপস দেওয়ার কোনো চল নেই। কিন্তু ইউ.এস-এ গেলে টিপস দেওয়াটা সৌজন্যমূলকের পর্যায় পেরিয়ে প্রায় বাধ্যতামূলক।

আর সেই কারণেই কিনা জানিনা, দোকানদারেরা খরিদ্দারের সাথে অত্যন্ত মধুর ব্যবহার করে। আমাদের দেশে তো অপরিচিতকে hi hello বলার চল নেই, আবার জিনিসপত্র কিনতে গিয়ে thank you বলা আমাদের পোষায় না। ব্যাপারতা অনেকটা এইরকম: আরে বাবা, আমাদেরকে জিনিস বেচেই তো ওদের দিন চলে, খামোখা thank you কেন বলতে যাবো?
কাজেই এই hi, hello, thank you, see you সব এখানে (ইউ.কে) থেকেই শেখা। ইউ.এস-এ দেখলাম, এই ব্যাপারটা আরো ব্যাপক ভাবে প্রচলিত। দোকানে ঢুকলেই, hi, how are you, do you need any help? আর যদি আপনি কিছু না কিনেও বেরিয়ে যান, তাতেও বলবে, have a great day. আমার বান্ধবী তো ওখানেই থাকেন, তিনি তো ভালোমতো গল্প জুড়ে দিয়েছিলেন সবার সাথেই। ওটাই স্বাভাবিক ওখানে। আমি অবশ্য ইউ.কের নিয়মেই চলেছি, শুধু thank you বলেই এক হপ্তা কাটিয়ে দিয়েছি।

অবশ্য ব্যাঙ্ক অফ আমেরিকার একটা শাখায় গিয়ে thank you-এর চেয়ে একটু বেশীই বলা উচিত ছিল। আমি svc conference থেকে পাওয়া একটা চেক ভাঙাতে গেছিলাম। ছোট্ট branch তাই বেশী কর্মচারী ছিলেননা। কিন্তু সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। আমার যেহেতু ওখানে কোনো bank account নেই এবং আমি ওখানকার বাসিন্দা নই, তাই তাদের বোধহয় অনেককিছু যাচাই করতে হচ্ছিলো, অনেকক্ষন আমাকে সেই জন্য অপেক্ষা করতে হয়, তবে আমার ভালো লেগেছে যে ওনারা একবারও বলেননি, না হবে না, আজ চলে যান। আমি দেখতে পারছিলাম, ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছেন আবার ফোনেও কথা বলছেন আমার ব্যাপারে। শেষে আবার মাফও চাইলেন, আমাকে এতোক্ষন অপেক্ষা করানোর জন্য।



এই সেই ব্যাঙ্ক অফ আমেরিকার সুউচ্চ টাওয়ার। ভালো করে ছবি তুলতে পারিনি, ছবি তুলতে গিয়ে ঘাড় ব্যাথা করছিলো। অবশ্য আমি এইখানে যাইনি। গেছিলাম অন্য শাখায়। 

অনেকক্ষন ধরে ব্যাঙ্কে দাঁড়িয়ে থেকে পরিশ্রান্ত হওয়ার পর, সেদিন রাতে পেট পুরে খুব স্বাদু খাবার খেয়েছি, আমাদের গৃহকর্ত্রী নিয়ে গেছিলেন সেখানে। তা বাদেও নিউইয়র্কে প্রতিদিনই ভালো ভালো জায়গায় খেয়েছি। বান্ধবীর খুব শখ ছিল আমাকে দিয়ে সব ভালো ভালো খাবার টেস্ট করাবেন। কাজেই তার সাথে seafood থেকে শুরু করে আমাদের বাংলার পাবদামাছ আর ছোট মাছের ঝাল অনেক কিছুই খেয়েছি (আগের পোস্টে ছবিও দেওয়া আছে), খেয়েছি থাই দেশের রাজকীয় খাবার, বেগুনি রঙের ফুলের মতো ডাম্পলিংস (যাকে আমরা মোমো বলেই বেশি জানি)। আমার বান্ধবী yelp তে রিভিউ দেন। লিংকগুলো পেলে আমি তার অনুমতি সাপেক্ষে এই পোস্টের শেষে জুড়ে দেব। (check at the end)


Purple blossom dumpling

যেখানে মাছ খেতে গেছিলাম (জ্যাকসন হাইটস), সেখানে গিয়ে বাংলায় কথা বলেই খাবার অর্ডার করেছি, ওখানে চলে গেলে হটাৎ করে আপনার মনে হবে, আপনি হয়তো ঢাকায় চলে এসেছেন, সবার সাথে বেশ আড্ডাও মেরেছি। আর একটা কাজ করে আমি আর আমার বান্ধবী দুজনেই খুব গর্বিত, সেটা হলো কাঁটাচামচ দিয়ে মাছ ছাড়িয়ে খেয়েছি, বিশ্বাস করুন খাবার শেষে কাঁটার গায়ে মাছ লেগে ছিল না। জ্যাকসন হাইটসের বাংলা বাজারে দোকানপাটের নামও বাংলায় লেখা, সে ছবিও আগের পোস্টে আছে। 

আগের পোস্টে রুজভেল্ট আইল্যান্ডের farmers' market-এর ছবিও দিয়েছিলাম। ছোট্ট দ্বীপের মধ্যে ছোট্ট বাজার, সেখানে সতেজ সব্জিপাতি দেখে বেশ আনন্দ হয়েছিল। ওইখানের grocery store যাকে আমরা সাদা বাংলায় বলতাম মুদির দোকান, সেখানেও প্রচুর সব্জিপাতি, চীজ দেখতে পেয়েছিলাম। অথচ প্রভিডেন্সের সেই একমাত্র grocery store (যেটা আমরা খুঁজে পেয়েছিলাম) তাতে সবই তৈরী খাবার, এমনকি গোটা ফল পর্যন্ত ছিল না। কিন্তু রুজভেল্ট আইল্যান্ডে এসে দেখলাম, সবই পাওয়া যাচ্ছে, স্যালাড স্যান্ডউইচ-ও বেশ ভালোই পরিমানে আছে, ইউ.কের যেকোনো grocery store-এর মতোই। তাই প্রথমে যা ভেবেছিলাম, যে ইউ.এসের লোকেরা শুধুই বুঝি readymade অথবা junkfood খায়, সেটা সত্যি নয়। কেউ কেউ বানিয়েও খায় আর খাওয়ায়। 😉

আমরা যার বাড়িতে ছিলাম, তিনি খুব সুন্দর স্বাস্থ্যকর খাবার রান্না করে খাইয়েছিলেন, ওই farmers' market থেকে সবজি কিনেই বানানো।


গৃহকর্ত্রীর তৈরী করা খাবার 


গৃহকর্ত্রীর সাথে আমরা 

আমার বান্ধবী আর আমি দুজনেই এই home restaurant-কে zomato/yelp-তে পাঁচে পাঁচ রেটিং দেয়ার জন্য রাজি। 

খাবার নিয়ে অনেক কথা হলো, অবশ্য মানুষ থাকলেই খাবার থাকবে, তবুও একটু ঘোরাঘুরির কথাও বলি।
কি কি দেখেছি তার কিছুটা আভাস আগের পোস্টেও দিয়েছি। এখানে একটু বিস্তারিত দিই। প্রথমদিন নিউইয়র্কে পৌঁছেই মধ্যরাতে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মাথায় চড়েছিলাম। না না লাফিয়ে ঝাঁপিয়ে নয়, কিংকং ছাড়া সাধারণ মানুষের পক্ষে ওই ১০১ তলা বাড়ির মাথায় ওঠা দুস্কর। রীতিমতো টিকিট কেটে লিফটে করেই উঠেছি, তবে ভালো ব্যাপার হচ্ছে, এইটা কোনো ছুটির মরসুম নয়, কাজেই কোনো লাইনে দাঁড়াতে হয়নি। 


এম্পায়ার স্টেট বিল্ডিং-এর ৮৬তলা থেকে শহর


এম্পায়ার স্টেট বিল্ডিং-এর মাথায় মধ্যরাতে ঘুমন্ত আমি 


প্রচন্ড হাওয়ায় কেঁপে যাওয়া আমার হাতে তোলা বান্ধবীর ছবি 

তবে লাইনে দাঁড়াতে হয়েছিল Museum of Modern Art দেখতে গিয়ে। কি বিশাল লাইন কি বিশাল, টিকেটের লাইন, ভিতরে ঢোকার লাইন, উফফ। ভিতরে এতো ভীড়, মনে হচ্ছিলো পালিয়ে যায়, পুরো গড়িয়াহাট। কিন্তু Museum of Modern Art-তে তো সবসময় ঢুকতে পারবো না, অগত্যা দুই ঘন্টা মতো ওখানেই কাটিয়েছি। সত্যি বলছি শিল্পীদের জন্য আমার খুব খারাপ লাগছিলো। আমি নিজে modern art কিছু বুঝিনা এটা সত্যি কিন্তু একটু সুযোগ পেলে হয়তো মন দিয়ে দেখতাম।

লোকজন এতো দৌড়াচ্ছে যে কোথাও এক দন্ড দাঁড়িয়ে দেখার সুযোগ নেই। কেউ বেশিক্ষন কোথাও দাঁড়াচ্ছে না বটে তবে ওতো ভিড়ের মধ্যেও কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে। না দাঁড়ানোটাই শৃঙ্খলা। যেমন ভিনসেন্ট ভ্যান গগের আঁকা 'দা স্টারি নাইট, The Starry Night-এর সামনে সবসময় একটা জটলা, কিন্তু তাতে নতুন লোক ঢোকা আর পুরোনো লোক বেরিয়ে যাওয়াটা সমানুপাতে চলছে, কাজেই একবার দেখলে মনে হবে, ইসস, ভীড়টা সরছে না কেন ? চিন্তা নেই টুক করে দাঁড়িয়ে পড়ুন, দেখবেন ঠিক সামনে পৌঁছে গেছেন, ছবি তোলার সুযোগও পেয়েছেন। কিন্তু ওইটুকুই, পড়া বা বোঝার সময় নেই। এই প্রসঙ্গে আমার বান্ধবী একটি ভালো কথা বলেছেন, 'আর্টের লোকেদের যদি ফিজিক্সের কঠিন কঠিন সমীকরণ ধরিয়ে দেয়া হয়, তারা কি বুঝবে ? তাই বলে কি আইনস্টাইনের নাম তারা জানবে না বা তার সম্পর্কে জানবে না।'
কাজেই দুঃখ করে লাভ নেই, যেটুকু দেখা গেছে, সেইটাই সঞ্চয়। দেখলাম না বুঝলাম না বলে মন খারাপ করে লাভ নেই, আর না বুঝলেই অপমান করলাম শিল্পীর শিল্পসত্বাকে এমন ভাবার ও কারণ নেই।



মিউজিয়াম অফ মডার্ন আর্ট, নিউইয়র্ক 

ভীড়ের মধ্যে সবাইকে সুযোগ করে দেওয়ার আর একটা নমুনা দেখলাম wall street-এ ষাঁড়ের সামনে।আমার বান্ধবী আমার ছবি বেশ ভালোই তুলেছেন কিন্তু আমি তার ছবি তুলতে গিয়ে ভুল করে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। অগত্যা মোবাইলেই তুলতে হলো, তিনি এসে যে আমায় দেখিয়ে যাবেন  সে সুযোগ তো নেই। কয়েক মুহূর্ত সময় পাওয়া গেছে, অন্য সবাইকেও তো জায়গা করে দিতে হবে। কাজেই আমি অত্যন্ত দুঃখিত যে সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি। এই কারণেই বলে, কিছু কাজ সময়ে না করলে পরে আর সুযোগ হয়না। এই জ্ঞানের বাণীটা মনে পড়ে গেলো।



ওয়াল স্ট্রিটে ষাঁড়ের সঙ্গে 

তবে নিউইয়র্কের লোকজন খুব বেশি জ্ঞান শোনে বলে মনে হয়না। মূল শহর ম্যানহাটানে কেউ ট্রাফিক নিয়ম মানে না। গাড়িও চলছে, মানুষও চলছে। আমি নিয়ম মেনে রাস্তার একপাশে দাঁড়িয়ে দেখি আমজনতা পথের ও প্রান্তে চলে গেছে ট্রফিক লাইট সবুজ হওয়ার আগেই। গাড়িও বা কতক্ষন এই অনিয়ম সহ্য করবে, কাজেই তারাও চলতে শুরু করছে সঠিক সিগন্যাল হওয়ার আগেই। তবে সবারই গতি কম থাকায় আমার চোখের সামনে কোনো অপ্রীতিকর দৃশ্য দেখিনি, তবে শুনলাম নিউইয়র্কে শহরে অনেক এক্সিডেন্ট হয়। গাড়িঘোড়া আর লোকজনের চলাচলের যে নমুনা দেখলাম তাইতে এক্সিডেন্ট হওয়ার খবরে আশ্চর্যের কিছু নেই।



টাইমস স্কয়ারে ভীড়ের মাঝে 

এই গাড়িঘোড়ার কথায় মনে পড়লো সেন্ট্রাল পার্কের মধ্যে ঘোড়ার গাড়ি চলে, ঠিক যেমন চলে কলকাতার ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনে, অবশ্য আমি ওখানেও চড়িনি, এখানেও না। আবার দেখলাম রিক্সাও চলছে। সেন্ট্রাল পার্ক এতো বড় যে ঘোড়ার গাড়ী বা রিক্সাটা বেশ কাজের, আর তাই ভাড়াটাও বেশ 😛।


সেন্ট্রাল পার্কে

রিক্সার সাপেক্ষে ফেরীর ভাড়া কম। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়ার জন্য ফেরী নিতে হয়েছিল, আলাদা করে ফেরী ভাড়া করে নয়, টিকেটের মধ্যেই ধরা, তবুও যদি অন্য জায়গার টিকেটের দামের সাথে তুলনা করি, তাহলে বেশ সঙ্গতই, তবে এটাও ঠিক স্ট্যাচু দেখা বাদে আর কিছু করারও নেই। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যাওয়ার সময় ফেরীতে safety announcement করে, সবাই বসে থাকুন, তবে কেউ শোনে না, আমরাও শুনিনি, বসে থাকলে তো ছবি তোলা যায়না, সবাই দাঁড়িয়ে পড়ে বলে  কিছু দেখাও যায়না, অগত্যা 😕😑।


ফেরী থেকে শহরের ছবি তোলার হুড়োহুড়ি 


ফেরীতে আমরা 

আমাদের দুজনের একসাথে ছবি খুব কম আছে, কারণ আমরা একে ওপরের ছবি তুলে দিচ্ছিলাম। তবে স্ট্যাচু অফ লিবার্টি-তে গিয়ে একজন সদয় হয়ে আমাদের ছবি তুলেদিয়েছিলেন ক্যামেরাতে, পরে দেখলাম ভালোই ছবি তুলেছেন সেই অপরিচিত ভদ্রলোক।






স্ট্যাচু অফ লিবার্টি, লিবার্টি আইল্যান্ড, নিউইয়র্ক

একদিন গেছিলাম নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে। এখন একটাই গগনচুম্বী অট্টালিকা তাই হয়তো নাম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পুরোনো দুটো বিল্ডিংয়ের জায়গায় বিশাল জলাশয় বা ঝর্ণা যেখানে সব সময় জল গড়িয়ে পড়ছে। সেটা কি অশ্রুকে ইঙ্গিত করছে? 



এই ছবিতে কিন্তু আমি আছি 


আর এতে আমার বান্ধবী 

নিউইয়র্কের গগনচুম্বী অট্টালিকাগুলো মাঝে মাঝে মেঘে ঢেকে যায়, সেটা দেখে অদ্ভুত একটা ভাবনা এসেছিলো মাথায়। প্রকৃতিকে সরিয়ে এই ইট কাঠ পাথরের জঙ্গল তৈরী করেছি আমরা আর প্রকৃতি সুযোগ পেলেই মায়ায় মুড়ে দিচ্ছে সেই জঙ্গলকেই। 


মেঘে ঢাকা শততলা 

তবে প্রকৃতি খামখেয়ালি। আমি যেদিন পৌছালাম আমেরিকা, সেদিন প্রচন্ড গরম, ৩১ ডিগ্রী সেন্ট্রিগেড ছিল প্রভিডেন্সে, আর একদিন নিউইয়র্কে প্রচন্ড বৃষ্টি হলো, সেইদিন তাপমাত্রা নেমে গেলো ১০-এ। আমেরিকাতে অবশ্য ফারেনহাইট-এই তাপমাত্রার কথাবার্তা চলে, কাজেই বারবার আমাকে গুগল বাবাজির স্বরণাপন্ন হতে হচ্ছিলো। তারপর আর এক জায়গাতেও আমি বেশ ভুলভাল কথা বলে বলেছি, খাবারের ওজন এরা পাউন্ডে মাপে, সেটা আমার খেয়াল ছিল না, আমি হটাৎ করে ভাবি হটাৎ করে ডলার থেকে পাউন্ড নিয়ে কেন কথা হচ্ছে, আমি বলেও দিয়েছিলাম, পাউন্ড না, পাউন্ড না ডলার হবে 😅।

কিছু ছবি দিয়ে গল্প শেষ করি। কারন এর থেকে বেশী বিস্তারিতভাবে আমি জানিনা নিউইয়র্ক সম্পর্কে।
কি আর করিব ? বরং আমার বান্ধবীকে বলিব, লিখিতে, তিনি যদি কখনো লেখেন তাহা হইলে আমি শেয়ার করিব।



আমার রুমমেট, কনফারেন্স চলাকালীন 

ও হ্যা, আরো একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই, আমি বাড়ি ফিরতেই আমার ইউ.একের হাউসমেট এক গ্লাস জল এগিয়ে দিলেন, তিনি ভালোবেসে আমার জন্য ডাল ভাত রেঁধে রেখেছিলেন, ৩ বছর একসাথে থেকে তিনি জেনে গেছেন, বর্ণালী কিছুই খেয়ে হজম করতে পারেনা। বাড়ি ফিরে বাড়ির রান্না খেয়ে মনটা ভরে গেলো। একটা ধন্যবাদ যথেষ্ট নয় এই আনন্দ প্রকাশ করার জন্য। (And yes, in this context I would like to talk about my housemate and her kindness. She knew that my stomach would be upset so she made simple rice, lentis, boiled potato mash, brinjal fry and paneer for me. That homemade food gave me immense joy and comforted my stomach as well as my heart. A single 'thank you' is not enough to express my gratitude 😊). (অনুবাদটা তার জন্য)


হাউসমেটের তৈরী ঘর কা খানা 

মন আমার অবশ্য ম্যানচেস্টারের সবুজ উপত্যকা দেখেও ভরেছে। ভারত থেকে এদেশে আসার সময় সবসময়ই খুব মন খারাপ থাকে। এই প্রথমবার ম্যানচেস্টার এয়ারপোর্টে নেমে এতো আনন্দ হলো কি বলবো। এটা এখন দ্বিতীয় বাড়ি বলেই হয়তো। আর শেফিল্ড স্টেশনে পৌঁছে যখন নিজের ইউনিভার্সিটি-র চূড়া দেখতে পেলাম, উফফ কি খুশিই না হলাম। Kash, ye khushi roj subha 9 baje hoti 😥।তাহলে এতদিনে পিএইচডি শেষ করে ফেলতাম।





Conference swag

Link to the restaurant review: https://www.yelp.com/user_details_reviews_self?userid=ys2r72zSLb2wqUcXLvN-lw

Name:
Tina’s Restaurant
The Nuaa
Guy’s American Kitchen and Bar

2 comments:

  1. খুব ভালো লাগলো পড়ে

    ReplyDelete
    Replies
    1. খুশি হলাম জেনে :)

      Delete

পড়া এবং পড়ানোর পাঁচকাহন।

  ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম। একেই বলে জাহির করা। 🤭 "দেখো M...