Thursday, 25 August 2016

সৌভাগ্যবতী

তুমি মেয়ে
সেই সঙ্গে সৌভাগ্যবতীও বটে,
কারণ তুমি জন্মাতে পেরেছো,
তোমার আগমনের খবর শুনেও
তোমার মাকে
বেনামী নার্সিংহোমের বেডে শুয়ে
গর্ভপাত করাতে হয়নি।

তুমি ভাগ্যবতী,
কারণ তুমি কলেজ গেছো।
এই যুগে মেয়েদেরকেও,
ছেলেদের মতোই শিক্ষিত হতে হবে,
এই ধারণায়  বিশ্বাসী
তোমার প্রগতিশীল পরিবার।

কপাল করে এসেছো বটে তুমি,
একটা ভালো চাকরিও জুটিয়ে ফেলেছো,
আর সেটা করতেও পারছো।
কারণ এখনকারদিনে
ছেলেদের মতো মেয়েদেরও
পরিবারের দায়িত্ব নেয়া অবশ্য কর্তব্য।

তুমি সত্যিই ভাগ্যবতী,
কারণ কন্যাসন্তান জন্ম দেয়ার পরও
তোমার স্বামী তোমার কপালে চুমু খায়,
আর বলে, আমার কাছে ছেলে মেয়ে
দুইই সমান।

আর তখনি তোমার 
ভাগ্যবতী হওয়ার ভ্রমটা ভেঙে যায়।
তোমার মনে পড়ে যায়
তুমি একজন পরিপূর্ণ মানুষ হতে চেয়েছিলে।

অথচ তুমি নিজের অজান্তেই,
এক প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেলেছো।
যেখানে প্রতিমুহূর্তে প্রমান করতে হয় 
মেয়েরা আর পিছিয়ে নেই,
তারাও সেই সব করতে পারে
যা একান্তই ছেলেদের আয়ত্ত্বে ছিল।

হটাৎ এক জমাট বাঁধা কষ্ট 
তোমার গাল বেয়ে গড়িয়ে পড়ে,
প্রবল আবেগে তোমার সন্তানকে 
জড়িয়ে ধরো তুমি।
আর তখনই তুমি সচেতন হয়ে ওঠো।
কন্যাসন্তানের জননী হিসাবে 
তোমাকে যে অনেক সতর্ক থাকতে হবে,
তোমার নারীসত্ত্বা তোমাকে জানান দেয়। 

হায়! এ জন্মে শুধু মানুষ হওয়ার জন্য
ভাগ্যবান হওয়ার ইচ্ছেটা
সৌভাগ্যবতীর আড়ালে চাপা পরে যায় । 

No comments:

Post a Comment

পড়া এবং পড়ানোর পাঁচকাহন।

  ছাত্র ছাত্রীদের "Electrostatics & Magnetostatics" পড়ানোর জন্য এই বইগুলো নিয়ে বসেছিলাম। একেই বলে জাহির করা। 🤭 "দেখো M...